উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের ফ্ল্যাটে গত ১৯ নভেম্বর সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যাওয়ায় গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে। সকালে চুলা জ্বালাতেই মুহূর্তেই আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে দগ্ধ হন পাঁচজন।
দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজন মারা গেছেন। সর্বশেষ আজ বুধবার ভোরে মারা গেছেন ৫০ বছর বয়সী সামসুন নাহার। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন এবং তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
এর আগে ২০ নভেম্বর বিকেলে সাবা, ২১ নভেম্বর ভোরের দিকে তাঁর দেড় বছর বয়সী ছেলে মাহাব এবং গতকাল মঙ্গলবার সকালে সানজিদা মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানান, সাবার শরীরের ১০০ শতাংশ, মাহাবের ৫৭, সানজিদার ৩৭ এবং সামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি ৩২ বছর বয়সী আবদুর রহমান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং তাঁর শরীরের ৬ শতাংশ পুড়েছিল। প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, রাতের রান্নার সময় গ্যাস না থাকায় চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তাঁরা এবং রাতের কোনো এক সময় গ্যাস এসে ঘরে ছড়িয়ে পড়েছিল।