উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আব্দুর রাজ্জাক নিজস্ব প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোট শালঘর গ্রামের আকলিমা আক্তার (৩৭) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দক্ষিণনগর গ্রামের মো. আউয়াল মিয়া (৪৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাধিকা বাজারে মেসার্স ইমরান এন্টারপ্রাইজ নামের দোকানের সামনে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রবিউল হাসনাত বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।