উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই নামকরণের প্রস্তাবটি অনুমোদন করেছিল।
গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শিকাগোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সড়কটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত, যার নকশা করেছিলেন প্রখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান, তাঁর আপসহীন ভূমিকা এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।