উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন গাজীপুর অ্যাসোসিয়েশন ইউকে-এর সাধারণ সভা গত ২২ নভেম্বর রবিবার ইস্ট হ্যামের অরোমা এক্সপ্রেসো ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ কাসেম চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা মেজবা উদ্দিন খান ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কবি কাওসার হোসাইনের যৌথ সঞ্চালনায় এই সভাটি পরিচালিত হয়। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনটিকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বিজয় মেলা সফলভাবে আয়োজনের জন্য সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ কাসেম চৌধুরীকে আহ্বায়ক করে দশ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যারিস্টার খুরশেদ আলম, মেসবাহ উদ্দিন খান, আশরাফুল আলম, কবি কাওসার হোসাইন, আহসান উদ্দিন মানিক, ব্যারিস্টার পুষ্প জাহিরুল ইসলাম, প্রকৌশলী মোরশেদ আলম ও তাসলিমা আক্তার। এই কমিটি শীঘ্রই সভা করে মেলার বিস্তারিত কর্মসূচি ও আয়োজন পরিকল্পনা চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।
সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে যেখানে হাসনাত কবির খান রিপনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মেসবাহ উদ্দিন খান ও মোতাহার হোসেন স্বপন এবং প্রয়োজন সাপেক্ষে তারা আরও দুজন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এই সংগঠনটি যুক্তরাজ্যে গাজীপুরবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও কল্যাণে নিয়মিত কাজ করে আসছে।