উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ব্যাংক খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুন মাসের তুলনায় তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা এবং শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
ব্যাংকগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ধরনের ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা। যদিও আগের প্রান্তিকের তুলনায় এই ঘাটতি ৪ হাজার ১৯ কোটি টাকা কমেছে, তবুও পরিস্থিতি এখনো বেশ নাজুক।
শ্রেণিকৃত ঋণের একটি বড় অংশই এখন মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা, যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।