উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, গত কয়েক দিনে নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা এবং সাদিক কায়েম ও মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।
এসব ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।
তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।