উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করবেন। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই মেলায় শুধুমাত্র দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে, কোনো বিদেশি পণ্য রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। পাদুকা, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের মতো বিভিন্ন খাত এখানে তুলে ধরা হবে।
মেলা চলাকালীন তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান ও এসএমই পণ্যের বাজার সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া নয় জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। শিল্পমন্ত্রী উল্লেখ করেন, দেশের মোট শিল্প খাতের প্রায় ৯৯ শতাংশই সিএমএসএমই প্রতিষ্ঠানের দখলে, যা জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে।