উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পাওয়ার ক্ষোভ থেকে কৃষি বিভাগের এক উপসহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার দরগ্রাম বাজারে সার ডিলার বাবুলের দোকানে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বারবার সময় দেওয়া হলেও ডিলার তাদের সার দেননি। এ বিষয়ে জবাবদিহিতা চাইলে সংশ্লিষ্ট ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সঙ্গে কৃষকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এক কৃষক তাকে থাপ্পড় মারেন এবং দোকান থেকে বের করে দেন।
ঘটনার খবর পেয়ে সাটুরিয়া থানার ওসি, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. তারেক মাহমুদ জানিয়েছেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।