উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক তথ্যে দেখা গেছে, এই ২১ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার।
পরবর্তী অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।