উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিবেককে জাগ্রত করা অন্যতম কণ্ঠস্বর ফরাসি দার্শনিক ও সাহিত্যিক অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৩ নভেম্বর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাসের যৌথ আয়োজনে জাদুঘরের লবিতে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী।
রোববার দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেন। উদ্বোধনী আয়োজনে বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা ও তরুণ শিক্ষার্থীরা অংশ নেন।
ফ্রেডরিক ইনজা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মালরোর ভূমিকা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন তৈরি করেছে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেবল রাজনৈতিক বিষয় নয়, বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার মৌলিক লড়াই হিসেবে দেখেছিলেন।
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন জানান, যুদ্ধের দুঃসময়ে মালরোর প্রতিবাদ ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা তরুণ মুক্তিযোদ্ধাদের ব্যাপকভাবে উজ্জীবিত করেছিল। ট্রাস্টি মফিদুল হক বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে।
প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। প্রদর্শনীতে মালরোর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, তাঁর বাংলাদেশ সফর, ছবি, পত্রপত্রিকার কাটিং ও গ্রাফিকসের মাধ্যমে তাঁর জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলো একটি তথ্যচিত্র এবং মালরোর বাংলাদেশ সফরের স্মৃতিবিজড়িত বড় ছবির কাটআউট। হাসপাতালে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সঙ্গে মালরোর সেই আবেগময় মুহূর্তের দৃশ্যটি এই প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পেয়েছে।