উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা ও উৎপাদন বিঘ্নের জেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে শিল্পটি। বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানায় মোট ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
সংগঠনটির জরুরি জরিপে উঠে এসেছে যে, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্রেতাদের আস্থার সংকটে ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে গেছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক কারখানা এয়ার শিপমেন্টের মতো ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে অথবা বড় অঙ্কের মূল্যছাড় দিতে হয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, এই জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য প্রদান করেছে, অথচ প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি পোশাক খাতের ভবিষ্যৎ সম্ভাবনার ওপর এক অপূরণীয় আঘাত হিসেবে দেখছে বিজিএমইএ।