উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ মীরপুর ফকিরের হাট এলাকায় মহিউদ্দিন বাবুর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত এই ব্যক্তি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সম্পৃক্ত রয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অনেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে জানানোর পর তিনি শাহ মীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিউল্লাহকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন। কিন্তু অভিযোগকারীদের অভিযোগ, নির্দেশ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত মহিউদ্দিন বাবুর সঙ্গে ফাঁড়ির ইনচার্জের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে বলে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আনোয়ারা ও কর্ণফুলী থানার ওসিদের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় না দিয়ে সবাইকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি আইনবহির্ভূত কাজ করেন বা দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এলাকায় শান্তি চাই এবং কেউ যদি সত্যিই সরকারবিরোধী কাজে জড়িত থাকে, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অন্য একজন বলেন, পুলিশের কাছে আমরা নিরাপত্তা আশা করি এবং পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে মানুষ কোথায় যাবে, আমরা চাই ওসি সাহেবের নির্দেশ যেন মাঠ পর্যায়ে কার্যকর হয়। কর্ণফুলীর এই ঘটনায় এখন সবার চোখ পুলিশ প্রশাসনের দিকে রয়েছে এবং এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের অপেক্ষায় আছেন।