উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের সদরপুরের তরুণ মারুফ মোল্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের অদম্য চেষ্টায় তৈরি করেছেন এক আসনের ছোট বিমান। গত ১৩ নভেম্বর পদ্মা নদীর চরে নিজের তৈরি লাল রঙের বিমানটি সফলভাবে আকাশে উড্ডয়ন করিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ইউটিউব দেখে প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে সাত মাসের প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে তিনি এই বিমানটি তৈরি করেছেন।
মারুফের এই সাফল্যে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ হয়েছেন বিদেশি পর্যটকরাও। গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে আসা এক দম্পতি তাঁর উদ্ভাবনী সক্ষমতা দেখে মুগ্ধ হয়ে তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। তবে আপাতত দেশেই থেকে দেশের জন্য কাজ করতে আগ্রহী মারুফ। তিনি সরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে আরও উন্নত বিমান তৈরির স্বপ্ন দেখেন।
মারুফের এই উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই মেধাবী তরুণ ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।