উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে।
নতুন অনুমোদিত ৪ হাজার এসআই পদ গ্রেড-১০ এবং ১০ হাজার কনস্টেবল পদ গ্রেড-১৭-এর অন্তর্ভুক্ত। এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশি কার্যক্রম গতিশীল করতে এবং জনবল সংকট মোকাবিলায় এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসআই পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং কনস্টেবল পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন প্রার্থী আবেদন করেছেন। চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের সঙ্গে নতুন ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।