উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গেটটির তালা খুলে দেওয়া হয়। এর আগে রাত ৯টা ৫০ মিনিটে গেটটি খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা প্রথমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন এবং পরে মিছিল নিয়ে মুজিব হলের গেটের সামনে অবস্থান নেন। এতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল ও সূর্য সেন হলের শিক্ষার্থীরা অংশ নেন। ঘটনাস্থলে উপস্থিত সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক এনামুল হক সজীবের সামনে শিক্ষার্থীরা স্লোগান দেন।
উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে গেটটি বন্ধ থাকায় যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।