উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২০২৭ সালের ৩ জুন ঐতিহাসিক এই মাঠে লিটন দাসদের প্রতিপক্ষ হবে নেপাল। বৃহস্পতিবার মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে।
একই দিনে লর্ডসে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে একদিনে আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষদের ক্রিকেটের এমন দ্বৈত আয়োজন লর্ডসের ইতিহাসে প্রথম। বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে লর্ডসে পুরুষদের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি টাইগাররা।
বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ সম্মানের বিষয়। এই ম্যাচ নিয়ে দুই ক্রিকেটপাগল দেশের দর্শকরাও দারুণ রোমাঞ্চিত বলে তিনি আশা প্রকাশ করেন। এমসিসির প্রধান নির্বাহী রবার্ট লসন জানান, বাংলাদেশ ও নেপালকে লর্ডসে স্বাগত জানাতে তারা প্রস্তুত।
নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ এটিকে তাদের দেশের জন্য এক ঐতিহাসিক উপলক্ষ হিসেবে অভিহিত করেছেন। এমসিসির আয়োজনে ইংল্যান্ড সফরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পাশাপাশি নেপাল স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষেও বেশ কয়েকটি ম্যাচ খেলবে।