উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো ফ্যাসিস্ট শক্তির পুনরায় ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত শক্তির নৈরাজ্য রুখতে এই সমাবেশের আয়োজন করা হয়।
আবুল হাসান রুবেল অভিযোগ করেন, ১৭ বছর ধরে গুম-খুন ও নির্মম শাসনের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন সেই শক্তি প্রতিশোধ নিতে আগুন ও বোমা হামলার পথ বেছে নিয়েছে। তিনি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় গণপ্রতিরোধ ও গণপাহারা গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দীন পাপ্পু বলেন, দীর্ঘ শাসনামলের গুম-খুন ও হেলিকপ্টার থেকে গুলির ঘটনা মানুষ ভুলে যায়নি। জনগণ কেবল সরকারের পতন নয়, বরং পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন চায়।
অন্য বক্তারা স্পষ্টভাবে জানান, জনগণের ভোটাধিকার আর কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রতিহত করার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।