উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাঁঠালবাগান বাজারে গ্যাসের আগুনে দগ্ধ দেড় বছরের শিশু আর এস রহমান মাহাব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে একই হাসপাতালে মারা যান শিশুটির মা ৩০ বছর বয়সী সাবা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সাবার শরীরের ১০০ শতাংশ এবং শিশু মাহাবের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হলো।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, আগের রাতে রান্নার জন্য চুলা জ্বালানো হলেও গ্যাস না থাকায় তা বন্ধ করতে ভুলে যান বাসিন্দারা। পরে রাতে গ্যাস ছড়িয়ে পড়ার পর সকালে চুলা জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় দগ্ধ হওয়া অপর তিনজনের মধ্যে আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আবদুর রহমান একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন এবং স্ত্রী সাবা ও সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এছাড়া সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা ওই বাসায় সাবলেট থাকতেন।