উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামকে দেশের প্রধান অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শুক্রবার নগরীর পলোগ্রাউন্ড মাঠে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, এডিবি’র অর্থায়নে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রায় ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রাম। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতের বড় অগ্রগতি আসবে। এসব অবকাঠামোগত উন্নয়ন ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসন এবং বিমানবন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে ব্যবসাবান্ধব ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মাসব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।