উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে আয়োজিত পৃথক দুটি পথসভায় তিনি এ কথা বলেন।
এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে বাংলাদেশে নাশকতার পরিকল্পনা করছে। এ ধরনের কর্মকাণ্ডে ভারত সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা উদ্বেগজনক। তিনি ভারত সরকারকে এসব পলাতক অপরাধীদের আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানান।
সীমান্তবর্তী জনপদকে নাশকতার ক্ষেত্র হতে দেওয়া হবে না জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত বিজিবি বা পুলিশকে জানানোর আহ্বান জানান বিএনপি নেতা। তিনি জোর দিয়ে বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি।
ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে এক বিশাল মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন সৈয়দ এমরান সালেহ।