উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০ নভেম্বর ২০২৬ পাবনা-ঢাকা-পাবনা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
উদ্বোধন শেষে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর রেলওয়ে স্টেশনের নানা সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, স্টেশনটিতে টয়লেট, বিশুদ্ধ পানি, বসার জায়গা ও পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। প্রতিদিন প্রায় ১৫ হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন, যারা বৃষ্টির সময় ওভারব্রিজ ও শেডের অভাবে চরম দুর্ভোগে পড়েন।
চাটমোহর স্টেশনের আধুনিকায়ন ও মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য তিনি দুটি ডিও জমা দিয়েছেন। রেলমন্ত্রী এসব দাবি মেনে নিয়েছেন এবং জরিপ শেষে দ্রুত বাজেট বরাদ্দের আশ্বাস দিয়েছেন। আধুনিকায়নের এই কাজ সম্পন্ন করতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।