উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় তারেক রহমানের। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তৃণমূলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি অবস্থায় অকথ্য নির্যাতনের শিকার হন তিনি। চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটাতে হয় তাঁকে। এই প্রতিকূল সময়েও তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে লন্ডন থেকে সাংগঠনিক নির্দেশনা দিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তাঁর রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি হলো ‘থ্রি-আর’ বা রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন কৌশল।
প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিনি একটি আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তাঁর এই নতুন অভিযাত্রা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।