উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান।
অধ্যাপক মোর্শেদ হাসান খান জানান, প্রচলিত কেক কাটার পরিবর্তে তারেক রহমানের আদর্শ ও চিন্তাধারার সঙ্গে মিল রেখে এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঋণের বদলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, তারেক রহমান জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন এবং ছাত্রদলের প্রস্তাবিত বিভিন্ন কর্মসূচি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। বর্তমান সরকারের সবুজায়ন ও বৃক্ষরোপণের বিশেষ গুরুত্বের অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ব্যতিক্রমী আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে নির্বাচনী পরিকল্পনা রয়েছে, তার ধারাবাহিকতায় এই কর্মসূচি পালন করা হয়েছে।