উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া প্রস্তাবের পদ্ধতি ও তথ্যের ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
বিজিএমইএর দাবি, শ্রমিকদের পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। এছাড়া পুরো পোশাক শিল্পের মজুরি নির্ধারণে কেবল ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাকে অযৌক্তিক বলে মনে করছে সংগঠনটি, কারণ এই অঞ্চল থেকে দেশের মোট পোশাক রফতানির মাত্র নয় শতাংশ আসে।
গত ১৮ নভেম্বর সিপিডি তাদের মূল্যায়নে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দিয়েছিল। বিজিএমইএ জানিয়েছে, সিপিডির হিসেবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সাথে আলাদা করে আবাসন খরচ ১০ হাজার টাকা যোগ করায় একই ব্যয় দুবার গণনা করা হয়েছে।
বিজিএমইএ জানায়, গত তিন বছরে দেশে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি ১৩৬ শতাংশ বেড়েছে, যা ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় অনেক বেশি। তাই মজুরি নির্ধারণে শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।