উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো। আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।