উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরিয়ায় আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীতে যোগ দেওয়ার অপরাধে এক সাবেক সেনাসদস্যসহ তিন নারীকে কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। ২০১৫ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গিয়ে জিহাদি দলে যোগ দেওয়ায় তাদের এই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে দুই নারী আইএসের কুখ্যাত নেতা আদ্রিয়েন গিহালের স্ত্রী ছিলেন।
প্যারিসের আদালত ৪০ বছর বয়সী শেহেরজাদ সি.-কে নয় বছরের কারাদণ্ড প্রদান করেছে। আদালত জানায়, আদ্রিয়েন গিহাল আইএসের উচ্চপর্যায়ের নেতা হওয়ায় শেহেরজাদ সেখানে বিশেষ মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করতেন। এছাড়া তিনি তার তিন শিশুসন্তানকেও চরম ঝুঁকির মুখে ফেলেছিলেন বলে রায়ে উল্লেখ করা হয়।
একই মামলায় গিহালের দ্বিতীয় স্ত্রী ৩৬ বছর বয়সী সারা এল.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে চার বছরের সাজা স্থগিত থাকবে। উল্লেখ্য, আদ্রিয়েন গিহাল ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলায় ৮৬ জন নিহতের ঘটনার দায় স্বীকার করে কুখ্যাতি অর্জন করেছিলেন। বর্তমানে এই দুই নারীই গিহালকে তালাক দিয়েছেন।
অন্যদিকে, ৪৩ বছর বয়সী সাবেক নারী সেনাসদস্য লিন্ডা বি.-কে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি ২০১৫ সালে চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে সিরিয়ায় যান এবং সেখানে প্রায় পাঁচ বছর অবস্থান করেন। এমনকি ২০১৭ সালে নিজের তিন মাস বয়সী সন্তানকে নিয়ে আইএসের প্রধান ঘাঁটি রাক্কায় ফিরে গিয়েছিলেন তিনি।