উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ নাশকতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, পার্কিং করে রাখা মালঞ্চ পরিবহনের বাসটিতে দিবাগত রাত পৌনে ১২টার দিকে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে বাসটির ছয়টি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম জানান, এই অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় এ পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।