উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে নোয়াখালীর গোদার মসজিদ গ্যারেজ এলাকায় সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনর রশীদ আজাদ এবং সদস্য হাফিজুর রহমান। শীর্ষ নেতাদের উপস্থিতিতে গোদার মসজিদ গ্যারেজ এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং তারা রাজপথে তাদের শক্ত অবস্থানের জানান দেন।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সবসময় অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। কোনো অপশক্তি বা সন্ত্রাসী গোষ্ঠী শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।