উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকটকে জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ বলা হয়েছে, এই সংঘাত ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাপিয়ে গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক সংকটের মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নানা চেষ্টা সত্ত্বেও এই সরবরাহ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি, যার ফলে শেষ পর্যন্ত বাড়তি মূল্যের বোঝা চাপছে সাধারণ গ্রাহকদের ওপরই।
আইইএ’র নির্বাহী পরিচালক ফাতেহ বিরোল সতর্ক করে বলেছেন, এই সংকট যত দীর্ঘায়িত হবে, এর প্রভাব তত গভীর হবে। জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার আর কোনো নির্ভরযোগ্য পথ নেই বলে মনে করছেন তিনি।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, তেলের বৈশ্বিক চাহিদা ২০৩০ সালের দিকে সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং এরপর ধীরে ধীরে হ্রাস পাবে। তবে গ্যাসের চাহিদা ২০৩৫ সাল পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।