উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের ফলে এখন পর্যন্ত তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই আশঙ্কার কথা জানান।
সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি মো: আবদুল হামিদ জানান, এই পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তিনি আরও বলেন, এই অস্থিরতার প্রভাব শুধু পোশাক শিল্পেই নয়, বরং ব্যাংকিং, পরিবহন ও লজিস্টিকসসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে বিজিবিএ সভাপতি বলেন, মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি মজুরি কাঠামো তৈরি হবে যা শ্রমিকদের জন্য সম্মানজনক এবং মালিকদের জন্য বহনযোগ্য হবে।
চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতারা নতুন ক্রয়াদেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন এবং দ্বিধায় ভুগছেন। বিজিবিএ নেতাদের মতে, উৎপাদন ব্যাহত হলে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হবে, যা রফতানি আয় ও শ্রমিকদের জীবিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।