উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে তারা সহিংসতার কোনো পথ উন্মুক্ত করতে চায় না এবং তাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি দলীয়ভাবেই পরিচালিত হবে।
দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা গোপালগঞ্জ ছাড়িয়ে ২২টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ঘটনা, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় জনগণ চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে বলে জানান জামায়াত নেতা।
গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় না হলে এই সংকট আরও ঘনীভূত হতে পারে। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে শনাক্ত করে অপসারণের দাবি জানান তিনি।