উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি পর্যায়ে তেল শোধনাগার বা রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৮ নভেম্বর প্রতিষ্ঠানটিকে এই অনুমোদন দিয়ে একটি আদেশ জারি করে।
উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বা বিপিসির সুপারিশের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ এবং বিপণনের শর্ত সাপেক্ষে তাদের এই অনুমতি দেওয়া হয়।
অনুমোদনের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটিকে প্রচলিত সব আইন, বিধিমালা এবং পরিবেশসংক্রান্ত বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ ছাড়া প্রাথমিক অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় ছাড়পত্র ও লাইসেন্স সংগ্রহ করে রিফাইনারি স্থাপনের কাজ শেষ করতে হবে।
রিফাইনারি স্থাপনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার পর প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি এই শোধনাগারে উৎপাদিত সব পণ্য বাধ্যতামূলকভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বা বিপিসির কাছে সরবরাহ করতে হবে।