উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট বা ভিডব্লিউবি কর্মসূচির তালিকা থেকে দ্বৈততার কারণে ২০২ জন উপকারভোগীর নাম বাদ পড়েছে। একই সাথে ভিডব্লিউবি এবং খাদ্যবান্ধব—এই দুটি সরকারি কর্মসূচির সুবিধা ভোগ করার প্রমাণ পাওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে সাদুল্লাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০২৫-২৭ চক্রে উপজেলার ১১টি ইউনিয়নের জন্য মোট ২ হাজার ৪১৯টি ভিডব্লিউবি কার্ড বরাদ্দ ও চূড়ান্ত করা হয়েছিল। পরবর্তীতে মাঠপর্যায়ে যাচাই-বাছাইকালে দেখা যায়, নির্বাচিতদের মধ্যে ২০২ জন উপকারভোগী একই সময়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছেন। সরকারি নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তি একই সাথে একাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে পারেন না।
এই দ্বৈততা এড়াতে এবং প্রকৃত দুস্থদের অধিকার নিশ্চিত করতে ওই ২০২টি কার্ড বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে সাদুল্লাপুর উপজেলায় ২ হাজার ২১৭টি ভিডব্লিউবি কার্ড সক্রিয় রয়েছে। তালিকা স্বচ্ছ রাখতে এবং একাধিক সুবিধা নেওয়া বন্ধ করতেই এই কেন্দ্রীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন জানান, বাতিল হওয়া কার্ডগুলোর বিপরীতে নতুন করে প্রকৃত যোগ্য ও দুস্থ নারীদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে। প্রকৃত দুস্থ নারীদের মাঝে সঠিক উপায়ে সরকারি সহায়তা পৌঁছে দিতে এ ধরনের যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে।