উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণায় সক্রিয় হয়েছেন আমিনুর সিকদার। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
আমিনুর সিকদার জানান, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে তিনি ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে চান। যেখানে প্রতিটি নাগরিক দল-মত নির্বিশেষে সমান অধিকার ও মর্যাদা পাবেন এবং সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই সরকারি সেবা ভোগ করতে পারবেন।
নির্বাচনী অঙ্গীকারে তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এছাড়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে তার।
আমিনুর সিকদার বলেন, “আমি নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। মাদকমুক্ত সমাজ গঠন এবং সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।