উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদ এবং নুরুল্লাহগঞ্জ নিবাসীর সাবেক মেম্বার আক্তার মোল্লার ছেলে রাজু মোল্লার মর্মান্তিক মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহারুল মাতব্বরের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে রাজু মোল্লার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সদরপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।