উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ১০তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঞ্চন টাওয়ার নামের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
এই ঘটনায় তিন ব্যক্তি দগ্ধ হয়েছেন। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সকাল পৌনে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, দমকল বাহিনী পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।