উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের নেতারা। বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথে নামলে ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে ধৈর্য ধরে রাখলেও এখন আর তা সম্ভব নয়। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে ১ হাজার ৪০০ মানুষ হত্যার বিচার অবশ্যই এই মাটিতেই করা হবে।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অতীতের ভুলের জন্য ক্ষমা চাইবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা পুনরায় জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক বলেন, আওয়ামী লীগ কোথাও অগ্নিসংযোগ করলে পাল্টা জবাব দেওয়া হবে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে তিনি বলেন, তিনি কোন পথে আসবেন তা জানালে যুবদল সেখানে উপস্থিত থাকবে।