উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে নতুন একটি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার ডেমরায় কলেজের নিজস্ব মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন এই মাঠের নির্মাণকাজ শুরু হবে।
প্রশাসক জানান, নতুন এই মাঠটি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া কলেজের নিজস্ব মাঠে আলোকসজ্জা ও নেটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের ইতিহাস সচেতন করতে আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।
ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগের কথা জানান আবদুস সালাম। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবী উল্লাহ নবী এবং কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।