উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ নামে ১০ পর্বের একটি অ্যানিমেটেড সিরিজ চালু করেছে হারপিক। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রায় ৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠানে এই সিরিজটি উন্মোচন করা হয়। এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ছিল ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি দেখা যাবে।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির জানান, দেশের প্রায় ১০ কোটি ৯০ লাখ মানুষ এখনও নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এটি একটি বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।
রেকিট বাংলাদেশের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি বলেন, শিশুদের কাছে স্বাস্থ্যবিধির শিক্ষা সহজ ও আকর্ষণীয় করতেই এই সিরিজটি তৈরি করা হয়েছে। হারপিকের লক্ষ্য হলো মানুষের দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা এবং স্বাস্থ্যবিধির গুরুত্ব ছড়িয়ে দেওয়া।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সাজেদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র ও মজার স্কুলের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।