উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার দিবাগত রাতে একই সময়ে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ড ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে উপজেলার কবিরাজবাড়ি এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মোস্তফা মাঝি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুরাদের দোকানসহ মোট পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মুরাদ জানান, দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর পাহারাদারের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পান তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়েব হোসেন মুন্সী জানান, রাত ২টা ২৬ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
অন্যদিকে, একই রাতে দেড়টার দিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরানোর ফলে পরিষদের টিসিবির পণ্য, দরজা-জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।