উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরির চেষ্টা করলেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, যেভাবে গণপ্রতিরোধের মাধ্যমে তাদের উৎখাত করা হয়েছিল, একইভাবে তাদের যেকোনো অরাজকতা জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে একটি র্যালি টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে শুরু হয়ে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত পৌঁছায়। জোনায়েদ সাকি বলেন, মাওলানা ভাসানী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ঐক্যের ডাক দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পাশাপাশি ন্যূনতম জাতীয় ঐকমত্য প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে বলে তিনি মত দেন।
এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রাখার দাবি জানান। শ্রদ্ধা নিবেদন ও র্যালিতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।