উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আজাহান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিপিসি-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। সোমবার রাত সোয়া সাতটার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, আখাউড়া থেকে চিনাইর বাইপাস হয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় এবং সিএনজির সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আজাহান সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জব্দকৃত গাঁজা ও অটোরিকশাসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।