উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক সংকট, সংশয়, বিশ্বাস ও আত্মপরিচয়ের সন্ধান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভার আয়োজন করেছে লাইট অব কুরআন। মঙ্গলবার ১৭ নভেম্বর বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরুণদের বুদ্ধিবৃত্তিক সংকট সংশয় বিশ্বাস ও আত্মপরিচয়ের সন্ধান শীর্ষক এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক চিকিৎসক ও দাঈ ডা. শামসুল আরেফিন শক্তি এবং ইবি কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন। সমকালীন সময়ে তরুণ প্রজন্ম নানা ধরনের বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় এ সভার আয়োজন করা হয়।
প্রধান আলোচক ডা. শামসুল আরেফিন শক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ক্যাম্পাসে ইসলামের সঠিক পরিচয় ও মূল্যবোধ তুলে ধরতে দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগ ও অবস্থান থেকে ইসলামী জ্ঞানচর্চা এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন একজন মুসলমানকে নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের আদর্শ ও নৈতিকতা ধরে রাখতে হবে। সংশয় দূর করা বিশ্বাস দৃঢ় করা এবং সেই বিশ্বাসের ভিত্তিতে আত্মপরিচয় নির্মাণের মাধ্যমে একটি সচেতন ও নৈতিক সমাজ গড়ে তুলতে হবে।