উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সময়ের পরিক্রমায় আজ দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত পূর্ণতা অর্জিত হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে লোকপ্রশাসন ও বিদেশি ভাষার মতো গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়। ১৯৮০ সালের দিকে তার সরকারের উদ্যোগেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত ট্রেন লাইন নির্মাণ এবং বিশেষায়িত শাটল ট্রেন সেবা চালু করা হয়, যা আজও শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম।
বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯২ সালে আইন বিভাগ, ১৯৯৩ সালে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ১৯৯৪ সালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালু হয়। পরবর্তীতে ২০০৪ সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং ২০০৫ সালে ইনস্টিটিউট অব এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও বিস্তৃত হয়।
বর্তমানে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট ও ১০টি অনুষদ নিয়ে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। আগামীকাল ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী উৎসব উদ্যাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে।