উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভায় তিনি বলেন, ক্ষমতার পালাবদল হলে এক পক্ষ ক্ষমতায় থাকছে, অন্য পক্ষ দেশের বাইরে গিয়ে তাদেরই বাসায় আশ্রয় নিচ্ছে।
শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে বিএনপির দ্বিচারিতা রয়েছে এবং ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের বিচার দৃশ্যমান না হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না। ভারতের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা একটি দল ভারতে বসে সন্ত্রাসী কার্যক্রম চালালেও দেশটি তা মেনে নিচ্ছে।
আলোচনা সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও জামিন বাণিজ্যের মাধ্যমে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, বিচার বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করছে বিএনপি এবং কোটি টাকা দরে আওয়ামী লীগের আসামিদের জামিন করানোর দর-কষাকষি চলছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে বিচারিক প্রক্রিয়ায় বিচারের দাবি জানান। সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।