উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাতারে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের স্কোয়াডে থাকা সাইফ হাসান।
আগামী ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ নভেম্বর এবং ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ২৯ নভেম্বর। বাংলাদেশ ‘এ’ দলের অন্যান্য সদস্যরা হলেন পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, সামিউন বাসির, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ও রিপন মন্ডল।