উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পরবর্তীতে এসআরবি সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করেছে। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ একাধিক মামলার আসামি সাঈদ খোকন। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটির প্রথম মেয়র এবং ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। এর আগে আদালত তাঁর এবং পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন।