উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পথ আরও প্রশস্ত হবে।
ডিএফসির এই অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা আটকে থাকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে বলে সংস্থাটি আশা প্রকাশ করেছে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক জানিয়েছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে। একইসাথে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও সংরক্ষিত হবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কাজ করছে ডিএফসি। এই অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য।