উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের ওপর ধারাবাহিকভাবে বিক্ষোভ ও হামলার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সর্বশেষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরেও যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফরকালেও ডিম নিক্ষেপ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। অথচ একই সময়ে যুক্তরাজ্য সফর করা বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ক্ষেত্রে এমন কোনো প্রকাশ্য প্রতিরোধের ঘটনা দেখা যায়নি।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক দাবি করেন, আওয়ামী লীগ এনসিপিকে তাদের রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী চ্যালেঞ্জ মনে করে। অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের দাবি, দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশিরাই তাঁদের প্রতিহত করছেন, এখানে আওয়ামী লীগের সাংগঠনিক ভূমিকা নেই।
নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিভিন্ন অনুষ্ঠানে প্রাইভেট সিকিউরিটি ফোর্স মোতায়েনসহ অংশগ্রহণকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমন ঘটনা বাংলাদেশের রাজনৈতিক বিরোধ যে যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে, তা স্পষ্ট করে তুলেছে।