উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় এক-চতুর্থাংশ, যা সরকার ৬০ শতাংশে উন্নীত করতে চায়। আয়বৈষম্য কমিয়ে সুষম প্রবৃদ্ধি নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
রাজধানীর বিসিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৫১১ জন উদ্যোক্তার মাঝে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
প্রতিবছর কর্মক্ষম বয়সে প্রবেশ করা ২২ লাখ মানুষের কর্মসংস্থান বৃহৎ শিল্পের পক্ষে একা করা সম্ভব নয় বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। তিনি জানান, বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে এবং জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি হওয়ায় ঋণগ্রহীতাদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, কর্মসংস্থানমুখী ও বৈষম্যহীন দেশ গড়তে সরকার, উদ্যোক্তা ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।